বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি দল (জামায়াত) পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর গ্রামেগঞ্জে গিয়ে ভোট কুড়ায় তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে।
তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। অন্তরে এক, বাইরে আরেক। এ ধরনের দ্বিচারিতা সম্পর্কে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কথায় এবং কাজে মিল থাকতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নবীগঞ্জ মাদরাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ আয়োজন করা হয়।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথায় ও কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আতাত করেননি—তাই দীর্ঘদিন জেল খেটেছেন। এরশাদের সঙ্গেও কোনো আপস করেননি, তাতেও জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি—আমরা যা বলি, তাই করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দায়-দায়িত্ব তিনি নেবেন। কে ভোট দিয়েছে, কে দেয়নি—তা বিবেচ্য নয়।
তিনি আরও বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদের ভুল বোঝানো হচ্ছে, বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে—এটা কোথা থেকে আসে, কে ডিলার, কে বিক্রি করছে—আমরা জানি না। একটি দল এই অপকর্ম করছে। আবার বলা হয়, দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না—এ ধরনের কথা যারা বলে তারা বেঈমান, মোনাফেক।
চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ এবং সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।


