আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী তিনি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক, শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগের এক পর্যায়ে তিনি মাঠে থাকা কয়েকজন কৃষকের কাছে গিয়ে তাদের ধান কাটতে সাহায্য করেন। সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল বহর নিয়ে মুফতি আমির হামজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যাচ্ছেন। কৃষকদের কাছে গিয়ে তিনি তাদের ধান কাটা শুরু করেন। কিছুক্ষণ ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে ধরে নির্বাচনী লিফলেট বিতরণ করে তাদের কাছে ভোট চান।
এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।


