বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। এ পরিস্থিতিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একটি দল বিএনপির ভেতরে বিভাজন তৈরি করতে চায় এবং এ সুযোগকে কাজে লাগাতে চাইছে। তাই কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয়।”
সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “ব্যারিস্টার আমিনুল হক মানুষের কল্যাণে কাজ করেছেন, তার পরিবারও এ এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এই আসনে তার ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার জন্য কাজ করতে হবে।”
এর আগে গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। সঙ্গে ছিলেন শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য স্থানীয় নেতারা। কবর জিয়ারত শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।


