ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম প্রথমবারের মতো নিজ জেলা খাগড়াছড়িতে সফর করেছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
মানিকছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সঠিক নেতৃত্বের অভাবে গত ৫৪ বছরে দেশ তার সম্ভাব্য অবস্থানে পৌঁছাতে পারেনি। তিনি দাবি করেন, পার্বত্য অঞ্চলের সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হলে বাংলাদেশের মতো আরও দশটি দেশ চালানো সম্ভব।
ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে দুই হাজার মানুষ শহীদ ও বিশ হাজার মানুষ গাজী হয়েছেন উল্লেখ করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতীক এবং সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃত্বকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ছাত্র–যুবকদের উদ্দেশে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। জালেম যতই শক্তিশালী হোক, তার পতন নিশ্চিত। আবু সাঈদের মতো সত্যের পক্ষে দাঁড়ানোর পরামর্শও দেন তিনি।
ডাকসুর ভিপি নির্বাচনের পর এটিই ছিল সাদিক কায়েমের প্রথম জেলা সফর। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মানিকছড়ি, জালিয়া পাড়া ও মাটিরাঙ্গায় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে সংবর্ধিত করেন। সফরজুড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


