27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে পাশাপাশি কবরে মোরশেদা বেগম

advertisment
- Advertisement -spot_img

ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে আনতে গিয়ে প্রাণ হারালেন তাঁর মা মোরশেদা বেগমসহ পরিবারের ৭ জন। বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতদের মধ্যে রয়েছেন—মোরশেদা বেগম (৫০), তাঁর মা ফয়জুন নেছা (৭০), দুই পুত্রবধূ কবিতা আক্তার (২৪) ও লাবনী আক্তার (২৫), এবং তিন নাতনি মীম আক্তার (২), রেশমা আক্তার (৯), লামিয়া ইসলাম (৮)। মোরশেদা বেগম ও তাঁর দুই পুত্রবধূ ও তিন নাতনিকে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়েছে। ফয়জুন নেছাকে তাঁর গ্রামের বাড়ি হাজিরপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের এমন ভয়াবহ ক্ষতির পর কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কাশারি বাড়িতে গেলে দেখা যায়, কবরস্থানের পাশে আহাজারি করছেন আত্মীয়রা। নিহত কবিতা আক্তারের বড় বোন লিপি আক্তার কাঁদতে কাঁদতে ডাকছেন তাঁর বোন ও ভাগনিকে।

লাবনী ও লামিয়ার শোকে শোকাহত নানী সেলিনা বেগম ও নানা নুরুল ইসলামসহ পরিবার। নিহত সাতজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয় উত্তর জয়পুর জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

দুর্ঘটনার সময় মাইক্রোবাসে মোট ১১ জন ছিলেন। তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহার উদ্দিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান। বেঁচে যান বাহার উদ্দিন, তাঁর বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘুমিয়ে পড়া চালকের কারণেই দুর্ঘটনাটি ঘটে। চালক আকবর হোসেন (২৪) সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন।

বেঁচে ফেরা গৃহকর্তা আব্দুর রহিম বলেন, “একজন চালকের ঘুমের কারণে আমার একসঙ্গে ৭ জন প্রিয়জনকে হারাতে হলো। আমরা তাকে কিছুতেই ছেড়ে দেব না। মামলা করব।”

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন, অভিযুক্ত চালক এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে, না করলেও পুলিশ নিজ উদ্যোগে মামলা করবে। চালককে আটক করা গেলে পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ