সিলেটের আলোচিত পাথর লুটপাটকাণ্ডে বিএনপির পদ হারানো সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ব্যাপক পাথর লুটপাটের ঘটনা ঘটে, যা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ গোয়েন্দা কার্যক্রম চালায় র্যাব।
শনিবার রাতে র্যাব-৯ এর একটি দল নগরীর কুমারপাড়ায় অভিযান চালিয়ে আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত মূলহোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পাথর লুটপাটের ঘটনায় নাম আসার পর গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদসহ সব দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।


