বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা আমরা তারেক রহমানের নেতৃত্বে উঁচিয়ে ধরবো। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ্যানি বলেন, “আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। এই সম্মেলন থেকে একটি সুন্দর নেতৃত্ব উঠে আসবে, যার মাধ্যমে আমরা নির্বাচনের সময় ঘরে ঘরে যাবো। এটি তারেক রহমানের সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটি ঘরে পৌঁছাতে হবে, নতুন প্রজন্মের কাছে যেতে হবে। বিশেষ করে মা-বোনেরা যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের নেতৃত্বে এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখবো।”
তিনি আরও বলেন, “আজ আমরা সবাই এক মঞ্চে একত্রিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন গড়তে পেরেছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। জেলা বিএনপির নেতৃত্বে রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজ একটি ছায়াতলে, একটি মঞ্চে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়েছেন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রমুখ।


