জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষকে হত্যার দায়ে আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা সেই প্রক্রিয়ার দিকেই এগোচ্ছি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় দলটির বিচার হতে হবে এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা বিপ্লব ও আন্দোলনের পক্ষে লড়াই করেছে তাদের সঙ্গে কোনোভাবেই আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট শক্তি সহাবস্থান করতে পারে না। অন্য দেশ বা এজেন্সির সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করলে জনগণ তা বয়কট করবে।
তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে। ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে কেউ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। কোনো রাজনৈতিক দলকে ছোট করে অপমান করলে তার ফলও শুভ হবে না।
এনসিপি নেতার দাবি, সুনামগঞ্জে জুলাই মাসের আগে যেসব ব্যক্তি অন্যায়-অপকর্মে জড়িত ছিল, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তবে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না এবং মামলার বাণিজ্য বন্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা।


