27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন : মুফতি ফয়জুল করীম

advertisment
- Advertisement -spot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘ সফরে কিছু দলকে সঙ্গে নিয়েছেন, অন্যদের উপেক্ষা করে অপমানিত করেছেন। এর মাধ্যমে তিনি নিরপেক্ষতার অবস্থান হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তার মোড়ে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, “সরকারপ্রধান অনেক শিক্ষিত, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছেন।”

তিনি আরও বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, যারা জনগণের প্রকৃত মতামত তুলে না ধরে খেয়ালখুশিমতো রিপোর্ট প্রকাশ করে।

পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, “গত ৫৩ বছরে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। জনগণ তাদের কর্মকাণ্ড দেখেছে। তাই আজ সাধারণ মানুষ আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। এতে প্রত্যেক নাগরিকের ভোটের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বৈষম্য দূর হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমানকে পরিচয় করিয়ে দেন মুফতি ফয়জুল করীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা সভাপতি আব্দুল হক মৃধা। আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরাফত হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ