শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নওগাঁয় জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। শনিবার বিকেলে নওগাঁ পৌরসভার আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শুটকিকালিতলা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু হয়, যা রবিবার বিকেলের মধ্যে শেষ হওয়ার কথা।
ধলু নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল। বর্ষায় পানিতে ভরে যাওয়ায় চলাচলে মারাত্মক সমস্যা হতো। এতে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো।
এই পরিস্থিতি মোকাবিলায় ধলু নিজ উদ্যোগে ইট ও রাবিশ বিছিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন, যাতে পূজা মণ্ডপে যাওয়া দর্শনার্থী ও পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এ প্রসঙ্গে ধলু বলেন,
“পৌরসভার এই রাস্তা প্রায় ১৫ বছর ধরে অবহেলিত। জনগণের অনুরোধে আমি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। দুর্গাপূজায় হাজারো মানুষ এ পথে যাতায়াত করেন, তাদের কষ্ট কমাতেই উদ্যোগটি নিয়েছি।”
তিনি আরও জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ও শিক্ষার্থী চলাচল করেন। সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারের ফলে সর্বস্তরের মানুষের যাতায়াত সহজ হবে এবং দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।


