27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

নোয়াখালীর হাতিয়ায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা

advertisment
- Advertisement -spot_img

নোয়াখালীর হাতিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে, আর বুধবার (১ অক্টোবর) এলাকায় বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. সাইফুল ইসলাম রিয়াদ। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

এদিকে, যাঁর সঙ্গে তিনি পালিয়ে গেছেন, সেই গৃহবধূর নাম সুমাইয়া আক্তার। তিনি একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাঁদের চার বছরের এক ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে পালিয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের খোঁজ মিলছে না।

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, “আমার ছেলের স্ত্রী স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অসহায় অবস্থায় আছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ছাত্রদল নেতা জানান, রিয়াদ প্রায়ই এলাকার মেয়েদের উত্যক্ত করত। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেনি। এখন এ ঘটনার কারণে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে এবং তাঁর শাস্তি হওয়া প্রয়োজন।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, “রিয়াদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর অনেক নেতার সঙ্গে তোলা ছবি রয়েছে, যা ফেসবুকেও দিয়েছে। সে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাঁর এমন কাজ আমাদের লজ্জিত ও বিব্রত করেছে।”

অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ