27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

দেশে আবার আ.লীগ ফিরলে দায় জামায়াতের : খৈয়ম

advertisment
- Advertisement -spot_img

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জামায়াত আজকে পিআরের নামে নির্বাচন না করার যে পাঁয়তারা করছে এবং বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি করছে, এর ফলাফল জামায়াতের জন্য ভালো হবে না।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জামায়াতে ইসলামী গোপনে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে। গত ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগ করত, তারা এখন বলে তারা শিবির করে। জামায়াত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ভাগায় নিচ্ছে। সুতরাং এই কাজগুলো করে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি করেছে, তা তাদের জন্য শুভ হবে না বলে আমার মনে হয়।

তিনি বলেন, রাজনীতি খুব কঠিন বিষয়, গভীরভাবে বোঝার জিনিস। বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে এর দায় জামায়াতকেই নিতে হবে। আজ যদি নির্বাচন হতো, জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হতে পারত। এর চেয়ে বেশি আশা করা এই মুহূর্তে জামায়াতের জন্য যুক্তিসংগত নয়। যদি তারা মনে করে নির্বাচন করে কালই ক্ষমতায় যাবে, তাহলে বলতে হয়—‘দিল্লি বহুদূর হে।’

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, জামায়াতের উচিত এখন হিসাব করা—কতটুকু লাভ তাদের পক্ষে সম্ভব। যদি বিএনপি ক্ষমতায় যায়, জামায়াত বিরোধী দল হবে—এটাই বাস্তবসম্মত। এর চেয়ে বেশি কিছু চাইলে যে রাজনৈতিক সংকট তৈরি হবে, তার ফাঁকে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে—এর দায়ও জামায়াতকেই নিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন অস্থির, রাজনৈতিক স্থিতিশীলতা নেই। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় প্রশাসনও সঠিকভাবে কাজ করতে পারছে না। এই স্থিতিশীলতা ফিরিয়ে আনা আজকের রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু তারা সেটা বাদ দিয়ে এখন পিআর নিয়ে ব্যস্ত। এই পিআর আসলে আমরা কেউই পুরোপুরি বুঝি না। এখন জরুরি কাজ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। দেশ আজ ভয়ঙ্কর দুর্যোগে আছে—ভারতীয় ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগও ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, এই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে যিনি প্রতিবন্ধকতা তৈরি করবেন, তিনি দেশের জন্য ক্ষতিকর কাজ করছেন। এজন্য আমি বলব, জামায়াতে ইসলামী ভুল পথে হাঁটছে, বিভ্রান্ত রাজনীতির দিকে যাচ্ছে—যার ফলে তাদের নিজেদেরও বড় ক্ষতি হতে পারে।

আলোচনা সভায় জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মো. আইয়ুব খান আনসারীর সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. লোকমান হোসেন এবং সদস্য মাওলানা আনাস খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

এর আগে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভার কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ