27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

১০ ইঞ্চি জমি নিয়ে বিরোধ, মানিকগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

advertisment
- Advertisement -spot_img

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাত্র ১০ ইঞ্চি জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাই, চাচাত ভাই ও ভাতিজাদের হাতে হানিফ আলী (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ আলী স্থানীয় ইলা বেপারীর ছেলে। তিনি কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বড় ভাই বাচ্চু মিয়া ছিলেন মন্ত্রণালয়ের এক সচিবের ড্রাইভার, বর্তমানে অবসরপ্রাপ্ত।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে সালিশ বৈঠকও হয়। কিন্তু বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে বাচ্চু মিয়া, তার মেয়ের জামাই মোশারফ, চাচাত ভাই মিনহাজ এবং তার দুই ছেলে সেন্টু ও জাহাঙ্গীর দা, কাতরা ও টেঁটা দিয়ে হানিফের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী বলেন, “আমি আমার স্বামীর খুনি ভাসুর বাচ্চুর ফাঁসি চাই। তা না হলে আমাকে ও আমার সন্তানদেরও মেরে ফেলবে।”

হানিফের মেয়ে অভিযোগ করে বলেন, “মাত্র ১০ ইঞ্চি জায়গার জন্য চাচা বাচ্চু অনেক দিন ধরে পরিকল্পনা করছিল। আজ বাড়িতে একা পেয়ে ভাড়া করা লোক দিয়ে বাবাকে টেঁটা মেরে হত্যা করেছে।”

স্থানীয়রা জানান, হত্যার আগে বড় ভাই বাচ্চু ভাড়া করা লোকদের জন্য দুই ডেকচি খিচুড়ির আয়োজনও করেছিলেন।

ঘটনার পর গ্রামবাসী ও পুলিশ কয়েকজনকে আটকে রাখে। সন্ধ্যা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, “ঘটনাস্থলে আমরা রয়েছি। নিহতের বড় ভাই বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও শিগগির আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ