ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির সামনের অংশ ও ভেতরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ঢাকামুখী লেনে পার্ক করা ফেনী-চট্টগ্রাম রুটের রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, “প্রতিদিন সন্ধ্যায় সড়কের পাশে গাড়িগুলো পার্ক করে চালকরা বাড়ি চলে যান। রাত ৯টা ৫০ মিনিটের দিকে আশপাশের মানুষের চিৎকার শুনে বাইরে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালকের আসনসহ সামনের অংশ পুড়ে গেছে।”
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


