নাটোরের সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে খড় ও পাটকাঠির পালায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন একজন আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (১৬ নভেম্বর) সকালে ঘটে এ ঘটনা। আটক নাজমুল হোসেন স্থানীয় ইটভাটা ব্যবসায়ী এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের ছেলে।
গত কয়েক দিন ধরে গ্রামে অন্তত সাতটি স্থানে রহস্যজনকভাবে খড় ও পাটকাঠির গাদায় আগুন লাগানোর ঘটনা ঘটে। এসব ঘটনার পর স্থানীয়রা রাতে পাহারার ব্যবস্থা করেন। আজ ভোরে নাজমুলকে মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসী তাকে আটক করেন।
আটকের পর নাজমুল দাবি করেন, তিনি নির্দোষ এবং কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন।
সদর থানার ওসি মাহবুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাজমুলকে থানায় আনা হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।


