কক্সবাজারের রামুতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়া দুই সহোদরের বাবা নূর আহমদ (৯০) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
এর মাত্র দুই দিন আগে, শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান তাদের মা মোস্তফা বেগম (৮০)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে নূর আহমদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। গত শনিবার মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে তারা পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পুলিশি পাহারায় হাতকড়া পরা অবস্থায় মাকে শেষ বিদায় জানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জানাজা শেষে তাদের পুনরায় কারাগারে নেওয়া হয়।
রামু থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আড়াই মাস আগে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় আটক হওয়ার পর জামিন পেলেও দক্ষিণ মিঠাছড়ি এবং বিএনপি নেতা মাহিন চৌধুরীর দায়ের করা আরেকটি মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
এদিকে ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম তার স্বামীর নির্দোষ দাবি করে বলেন, “আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাকে অহেতুক মামলায় জড়িয়ে কারাগারে রাখা হয়েছে। বাবা-মা দুজনই মারা গেলেন, অথচ সন্তান হিসেবে তাদের শেষ সেবাটুকুও করতে পারলেন না।”
পরিবারের পক্ষ থেকে বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য দুই ভাইয়ের আবারও প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।


