পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, “আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন। আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন।” তিনি বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমরা সেই শিক্ষা নিয়ে পুলিশ বাহিনীকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি। বর্তমানে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের মানদণ্ড এবং মানবাধিকারের বিধিবিধান মেনে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, যাতে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করা যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা অনেকাংশে সফল হয়েছি।”
তিনি আরও বলেন, “সামনের দিনগুলোতে পুলিশ বাহিনীকে অবশ্যই খেয়াল রাখতে হবে—যদি আমরা জনসাধারণের প্রতি সহানুভূতির হাত বাড়াই, তারা আমাদের বুকে টেনে নেবে। কিন্তু যদি অপেশাদার আচরণ করি, তবে বিগত দিনের অভিজ্ঞতা আবার ফিরে আসতে পারে। জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে।”
এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে অংশ নেন ৮১৭ জন পুলিশ সদস্য।


