বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না—এই সিদ্ধান্ত হয়ে গেছে। দুই মেয়াদ মানে দশ বছর। এ নিয়ে একটি ঐকমত্য আছে বলেও জানান তিনি। এ প্রস্তাব আট বছর আগেই বিএনপি দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওইদিন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব জানান আমীর খসরু।
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলছেন, তারা এখন এই প্রস্তাবটি দিচ্ছেন। কিন্তু আমরা অনেক আগেই, ভিশন ২০৩০-এর মধ্যেই বলেছি—দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে ঐকমত্য না থাকার কোনো কারণ নেই।’
মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন। এ নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে—এজন্য সবার একটি প্রস্তুতি রয়েছে, সন্তুষ্টিও আছে। তারা আশা করছেন, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় দেশ ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘সবার নজর এখন একটি নির্বাচিত সরকারের দিকে। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই গ্রহণযোগ্য হবে বলে সবাই মনে করছেন। এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’
শ্রমিক অধিকার ও বিচার বিভাগের স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। তিনি বলেন, ‘দেশে আমাদের শ্রমিকদের যে সমস্যা, তাদের অধিকার—এগুলো ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বের সঙ্গে দেখে। তারা আমাদের চিন্তা-ভাবনা জানতে চেয়েছেন। আগামীর পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চায়। বিচার বিভাগের স্বচ্ছতাও আলোচনায় এসেছে।’


