33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

বিএনপি ধরে নিয়েছে তারা আবার ক্ষমতায় গিয়ে অপকর্ম করবে: ডা. তাহের

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে এবং আগের মতো অপকর্ম করবে।”

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,
“আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন,
“সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না। প্রয়োজন হলে জনগণ আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে।”

জুলাই বিপ্লব প্রসঙ্গে ডা. তাহের বলেন,
“সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় কেউ কেউ জুলাইয়ের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে আমাদের দৃষ্টিতে এটি ছিল একটি মহান অর্জন। একটি স্বৈরাচারী সরকারকে বিদায় জানিয়ে মানুষকে মুক্ত করা হয়েছিল।”

তিনি আরও বলেন,
“জুলাই বিপ্লব এমন একটি ঐক্য তৈরি করেছে, যেখানে ভিন্ন আদর্শের দলগুলোও এক মঞ্চে এসেছে। জনগণ এখন অনেক বেশি সচেতন। স্বৈরাচারী মানসিকতা এখনও শেষ হয়নি, তবে জনগণের ভোটের মাধ্যমেই সেই শক্তিকে পরাজিত করা হবে।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেমে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“এই বিষয়ে দুটি দল ছাড়া বাকি সব দলই ঐকমত্যে পৌঁছেছে।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত নয়। রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের জন্য কথা বলছেন, কিন্তু বিচার ও কাঠামোগত সংস্কারের বিষয়ে নীরব।”

অন্যান্য বক্তারাও জুলাইয়ে নিহতদের বিচারের দাবি জানান এবং সরকারকে শহীদ পরিবারগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ