ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা জাতের এই আম বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই উপহার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রীয় বিবেচনায় উপহারের এই আমগুলো সব ধরনের ফি ও করমুক্তভাবে ছাড়করণ করা হয়েছে।
এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহারস্বরূপ আম পাঠানো হয়। এর বিপরীতে উপহার হিসেবে ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশকে তাদের বিখ্যাত কুইন জাতের রসালো আনারস পাঠিয়ে থাকে। এছাড়াও, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়ে থাকে।


