গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগ এবং অন্যজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৫৮ জন।


