31.6 C
Dhaka
Monday, June 22, 2026

ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন ৪৮ হাজারের বেশি প্রবাসী: ইসি

advertisment
- Advertisement -spot_img

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ৯টি দেশ থেকে মোট ৪৮ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, সম্প্রতি পাঁচটি নতুন দেশে—যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে—এনআইডি সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। এসব দেশে প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ৪০টি দেশে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় মোট ১৬টি কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম চলছে। জাপান ১০ম দেশ হিসেবে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে এবং সেখানে কার্যক্রম জুলাইয়ের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে।

তবে স্থানীয় প্রযুক্তিগত সমস্যার কারণে, বিশেষ করে পাবলিক আইপি অ্যাক্সেস পেতে দেরি হওয়ায় জাপানে কার্যক্রম শুরুর সময়সূচিতে কিছুটা বিলম্ব হচ্ছে।

হুমায়ুন কবীর বলেন, “আমরা জানিয়েছিলাম জাপানে ১৫ তারিখ থেকে কার্যক্রম শুরু হবে। কিন্তু পাবলিক আইপির অনুমতি পেতে দেরি হওয়ায় কিছুটা সময় লাগছে। যদিও আমাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।”

প্রবাসী ভোটার নিবন্ধনের খরচ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “এই খরচটি এনআইডি উইং থেকে হয় না। এটি একটি প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে, যা নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে রয়েছে। তাই নির্দিষ্ট খরচ আমি বলতে পারছি না।”

হালনাগাদ ভোটার তালিকা কবে প্রকাশ হবে—এমন প্রশ্নে তিনি জানান, “সম্ভবত খুব শিগগিরই হবে। এই সপ্তাহে বা আগামী সপ্তাহে তালিকা প্রকাশ হতে পারে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ