33.4 C
Dhaka
Monday, June 22, 2026

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলের হামলায় নিহত ৩৯

advertisment
- Advertisement -spot_img

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) গাজার খান ইউনিস ও রাফাহ অঞ্চলে দুটি ত্রাণকেন্দ্রের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। খবর দিয়েছে এএফপি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দক্ষিণ-পশ্চিম খান ইউনিস এবং উত্তর-পশ্চিম রাফাহর ত্রাণ বিতরণকেন্দ্রগুলোর কাছে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, “ইসরায়েলি বাহিনীর গুলিতেই এই মানুষগুলো প্রাণ হারিয়েছেন।”

নিত্যদিনের ভয়: গুলি আর হতাশা

এক প্রত্যক্ষদর্শী, ৩৭ বছর বয়সী আবদুল আজিজ আবেদ জানান, তিনি ভোর হওয়ার আগে পাঁচজন আত্মীয়কে নিয়ে খান ইউনিসের আল-তিনা এলাকায় ত্রাণ নিতে যান। তখনই ইসরায়েলি সেনারা গুলি চালায়।

আবেদ বলেন, “আমরা কেউই ত্রাণ পাইনি। প্রতিদিন যাই, আর ফিরে আসি শুধু গুলি আর হতাশা নিয়ে।” আরও তিনজন প্রত্যক্ষদর্শীও সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছেন।

ইসরায়েলের বক্তব্য ও তদন্ত দাবি

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, রাফাহ এলাকায় এক অভিযানের সময় কিছু লোক সেনাদের দিকে এগিয়ে এলে তারা হুমকি অনুভব করেন। সরে যেতে বলার পরেও কেউ সাড়া না দেওয়ায় সতর্কতামূলক গুলি চালানো হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং গুলি চালানো হয়েছিল একটি ত্রাণকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে, যেখানে সেই সময় কোনো কার্যক্রম চলছিল না।

আরও প্রাণহানি

এদিকে গাজার নুসাইরাত এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

তবে গাজায় চলমান গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং বহু এলাকায় প্রবেশের বাধার কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ