34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

বিধ্বস্ত বিমানের পাইলট কে এই তৌকির?

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের ডাকনাম ছিল ‘সাগর’। তৌকিরের পরিবার প্রায় ২৫ বছর ধরে রাজশাহী নগরের উপশহরে ভাড়া থাকেন। এখন যে বাসায় তারা থাকেন, সেটির নাম ‘আশ্রয়’। এটি উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাসা। এ বাসায় তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং বোন বৃষ্টি খাতুন থাকেন।

জানা গেছে, সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বাড়ির সামনে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনেরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। তৌকিরের পরিবারের সদস্যদের সোমবার বিকেলে রাজশাহী থেকে বিমানবাহিনীর উড়োজাহাজে করে ঢাকায় আনা হয়।

তৌকিরের মামা রফিকুল ইসলাম জানান, বিকেলে র‌্যাবের একটি গাড়ি এসে নিহত পাইলট তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন বৃষ্টি খাতুন, বৃষ্টির স্বামী তুহিন ইসলাম এবং মামা মোহাম্মদ আলীকে নিয়ে যায়। এরপর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিমানে তারা ঢাকায় রওনা হন। তৌকিরের স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারেই থাকেন।

স্বজনরা জানান, তৌকিরের বাবা তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় ২৫ বছর আগে থেকে পরিবারসহ রাজশাহীতে বসবাস করছেন।

তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি পাবনা ক্যাডেট কলেজে ৩৪তম ব্যাচে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ২০১৬ সালে তিনি উচ্চমাধ্যমিক পাস করে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। বছরখানেক আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক।

তৌকিরদের পরিবারে দুই ভাইবোন। ছোট বোন বৃষ্টি খাতুন রাজশাহীর বেসরকারি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তৌকিরের মৃত্যুর খবর শুনে বাড়িতে ছুটে এসেছেন পাবনা ক্যাডেট কলেজের তাঁর এক সময়ের প্রশিক্ষক মোস্তাক আহমেদ। তিনি বলেন, “সে খুব মেধাবী ছিল। ভীষণ মিশুক ও শান্ত ছেলে ছিল। তার কথা এখন খুব মনে পড়ছে। সে ছোটদের স্নেহ করত এবং বড়দের সম্মান দিতে জানত।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ