রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। দুর্ঘটনার পরপরই বিএনপির কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয় এবং নিহত ও আহতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
বিএনপি মিডিয়া সেল একে “তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছে।
ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি মিডিয়া সেল জানায়, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন।
তার নেয়া পদক্ষেপগুলো নিচে তুলে ধরা হলো:
- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র্যালি বাতিল
- মহিলা দলের ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল
- জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায়
- দলীয় সংগীত পরিহার
- নিহতদের আত্মার মাগফেরাত এবং
- আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা
এছাড়া তারেক রহমান জরুরি ভিত্তিতে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে একটি উদ্ধারকারী টিম ও অ্যাম্বুল্যান্স বহরসহ ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন।
দুর্ঘটনার পর লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসার খোঁজখবর রাখেন তিনি।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারকে সহায়তা করতে বলেন তিনি।
এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের জন্য রক্তদানে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
সর্বশেষ, সোমবার রাতে (২১ জুলাই) অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রী ও পাইলটের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই।
এদিকে, দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসাসহ যেকোনো পদক্ষেপের সমন্বয়ের দায়িত্ব দিয়ে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল)-কে নিয়োগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


