রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
তিনি লেখেন,
“উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আল্লাহ তা’য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।”
উল্লেখ্য, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক, বাকিরা শিশু। প্রাপ্তবয়স্করা হলেন পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী।
বর্তমানে ৭৮ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান:
- সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে মৃত্যু হয় আরও ৮ জনের। বর্তমানে এখানে ৪২ জন ভর্তি।
- সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন ২৮ জন। সেখানে মোট ১৫ জনের মরদেহ রাখা হয়েছিল, এর মধ্যে ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও উত্তরা আধুনিক হাসপাতাল থেকেও মরদেহ পাঠানো হয়েছে, যদিও একটি দেহাবশেষ এখনও শনাক্ত হয়নি—ডিএনএ পরীক্ষার পর সুনিশ্চিত করা হবে।
- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে, সেখানে ৩ জন ভর্তি, যাদের ২ জন আইসিইউতে।
- ইউনাইটেড হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে।
সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩১, চিকিৎসাধীন ৭৮।


