বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ, এবং এই কোরআনের দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজদের দেশে থাকতে দেওয়া হবে না।”
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে পাবনার ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মরণসভাটি অনুষ্ঠিত হয় জাতীয় সমাবেশে ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম-এর স্মরণে।
জামায়াত আমির আরও বলেন,
“যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ হবে। যতদিন দেশের মানুষ মুক্তি না পাবে, ততদিন লড়াই চলবে। সামনে-পেছনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমের ভয় করে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে সবাইকে প্রস্তুত থাকতে হবে। লড়াই করতে আপনারা তৈরি তো? এই সংগ্রাম চলবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। তিনি যেন আমাদের জাতির কল্যাণের চিন্তা করার তৌফিক দান করেন।”
এর আগে, সকালে খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির আবু সাঈদের কবর জিয়ারত করে তিনি হেলিকপ্টারে করে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।
পরে চর মিরকামারীর কবরস্থানে কবর জিয়ারত ও মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন—
- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
- জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল
- সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম
- নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান
- সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান
- সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ
- এবং এসএম সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।


