জুলাইয়ে শুরু হওয়া গণআন্দোলনের প্রথম শহীদ হিসেবে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরামের নাম তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সময়ের বিবেচনায় ওয়াসিম আকরামই প্রথম শহীদ, আবু সাঈদ নয়।
শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম’ আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ডা. শাহাদাত বলেন,
“আমি শহীদ আবু সাঈদের অবদান কখনো অস্বীকার করি না। তবে সময়ের ভিত্তিতে বিচার করলে দেখা যায়, ওয়াসিম আকরাম ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর আবু সাঈদ মৃত্যুবরণ করেন রাতের দিকে।”
তিনি আরও বলেন,
“ওয়াসিম ছিলেন আন্দোলনের সাহসী সৈনিক। মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুর থেকে আন্দোলনের ছবি আমাকে ইনবক্সে পাঠিয়েছিলেন। সেই ছবিগুলো আজও আমার কাছে সংরক্ষিত আছে। আমরা যখন কারাগারে ছিলাম, সেটা কোনো ব্যক্তিগত কারণে নয়, ছিল এই আন্দোলনের কারণে। তাই শহীদদের স্মরণ করা আমাদের দায়িত্ব।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অংশ না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন মেয়র শাহাদাত। তিনি বলেন,
“ওই অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের কোনো ছবি বা নাম ছিল না। তখনই আমি বলেছি, যেখানে শহীদ ওয়াসিম নেই, সেখানে আমি যাই না। ইতিহাস বিকৃতি আমি মেনে নিতে পারি না।”
তিনি জানান, শহীদ ওয়াসিমের স্মৃতিকে ধরে রাখতে চট্টগ্রাম নগরীতে একটি ফ্লাইওভারের নামকরণ করা হয়েছে তাঁর নামে। পাশাপাশি ‘ওয়াসিম চত্বর’ নামে একটি স্মৃতিস্তম্ভও স্থাপন করা হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।


