জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের সদস্যদের নারী বা পুরুষ–যেই হোক না কেন, উপযুক্ত বিবেচনায় সম্মানের জায়গায় পুনর্বাসন ও চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন,
“জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়াকে আমি কোটা বলতে চাই না। কোটা হলো—যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যা ঝুলিয়ে দেওয়া হয়। এটা শহীদ পরিবার আমাদের কাছে চাননি। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য—আমরা তাদের হাতে তুলে দেব।”
জামায়াত আমির আরও বলেন,
“জুলাই বিপ্লবের শহীদদের প্রায় ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু তারা জাতির জন্য জীবন দিতে পিছপা হননি। এখন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র ও জনগণের নিতে হবে। শহীদ পরিবারের সদস্যরা কারো কাছে ভিক্ষা চান না, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চান।”
তিনি আরও বলেন,
“জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামায়াত নিয়মিত অগ্রাধিকার দিচ্ছে। কারণ, জুলাইযোদ্ধারা না থাকলে আজ আমরা কেরানীগঞ্জ বা কাশিমপুরে থাকতাম। এটা ভুলে গেলে চলবে না।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“জুলাই পরিবারের পাশে থাকব, এই ওয়াদা করি। প্রয়োজন হলে ঋণ শোধ করার জন্য ভিক্ষাও করব। শহীদদের ন্যায্য বিচার প্রক্রিয়া আরও জোরদার করতে হবে।”


