30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

ঋণ নিয়েছিলেন ৩ লাখ, পরিশোধ না করায় ঋণখেলাপি মামলা দেওয়ায় ব্যাংকে হামলা

advertisment
- Advertisement -spot_img

গ্রেপ্তার সেই যুবদল নেতা

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, ভাঙচুর ও ম্যানেজারকে আহত করার মামলার প্রধান আসামি, সদ্য বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩ আগস্ট) সকালে র‌্যাব-১২, পাবনার সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং একই ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (১ আগস্ট) তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

অভিযোগ অনুযায়ী, লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে ঋণখেলাপির মামলা দায়ের করে।

মামলার পর, ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন কয়েকজন সহযোগী নিয়ে ব্যাংকে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় কর্মকর্তারা বাধা দিলে লোকমান ও তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাদের মারধর করে আহত করেন।

ঘটনার পর ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫)। এরপর র‌্যাব-১২, সিপিসি-২ এর একটি দল শনিবার বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, ৩১ জুলাই দুপুরে ব্যাংকে ভাঙচুর ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত লোকমান হোসেনকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ