হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই অভ্যুত্থানের ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বানিয়াচং থানা পুলিশ তাকে উপজেলার বাতাকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর নৌকাযোগে থানায় আনার সময় আব্দুল মজিদ নিজ বাড়ির সামনের হাওরে হঠাৎ নৌকা থেকে লাফিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। খবর পেয়ে বানিয়াচং থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে ফেলে তল্লাশি চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ।


