১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে ৫ দিন (স্কুল কর্মদিবসে) পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (৪ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায়’ এ কথা জানানো হয়।
সভায় বলা হয়, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা অর্জনে সহায়তা করা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়নের লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৩.১৩ মিলিয়ন শিক্ষার্থীকে সপ্তাহে ৫ দিন (স্কুল কর্মদিবসে) পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ কামরুল হাসান।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, “প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা শাসক নয়, সহায়ক। তাদের কাজ হচ্ছে বিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যা সমাধানে সহায়তা করা এবং শিক্ষকদের উদ্বুদ্ধ করা। যদি সবাই এই লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে প্রাথমিক শিক্ষার প্রকৃত উন্নয়ন ঘটবে। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ—তাদের জনসম্পদে রূপান্তরিত করতে হবে।”


