27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত

advertisment
- Advertisement -spot_img

জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায়, ঘোষণাপত্র পাঠ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়ার কথা ছিল, আমরা সংবিধানের প্রিয়াম্বেলে এটির অন্তর্ভুক্তি চেয়েছিলাম—সেটা হয়নি। এছাড়াও আমরা শুনেছিলাম, ৫ আগস্ট থেকেই এ ঘোষণাপত্র বাস্তবায়ন শুরু হবে। কিন্তু এতে বাস্তবায়নের কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই।”

তাহের আরও বলেন, “জুলাই আন্দোলনে শহীদ পরিবার কিংবা আহতদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। মুক্তিযোদ্ধাদের যেভাবে সুবিধা দেওয়া হয়েছে, আমরা চাইছিলাম জুলাই যোদ্ধাদের জন্যও সেই সম্মাননা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। জামায়াতের পক্ষ থেকে প্রস্তাব ছিল, জুলাই যোদ্ধাদের জন্য আজীবন ভাতা চালু করা হোক। কিন্তু এসব বিষয়ে ঘোষণাপত্রে কোনো পরিষ্কার দিকনির্দেশনা নেই। এটি যেন কেবল একটি রাজনৈতিক রচনার মতো হয়ে গেছে। এ কারণেই আমরা হতাশ, এবং মনে করি—এতে পুরো জাতিই হতাশ হয়েছে।”

উল্লেখ্য, এর আগে ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এটি যুক্ত করা হবে। ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবাইকে ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা প্রদানের অভিপ্রায়ও ব্যক্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ