27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায়

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র উত্তরণের দিন ৫ আগস্ট—তবে এটিই চূড়ান্ত বিজয় নয়। যে তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, সবাই ভোটকেন্দ্রে যাবে, নিরাপদে যার যার ভোট যাকে খুশি তাকে দেবে—সেদিনই চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রংপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঘোষণাপত্র পাঠের আগ পর্যন্ত আমরা অনেকটাই আতঙ্কে ছিলাম। তবে এখন একেবারে আশঙ্কামুক্ত তাও বলা যাবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অন্তর্বর্তী সরকার যেন যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে পারে, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, এখন একটি কথা শোনা যাচ্ছে—আগে সংস্কার, আগে বিচার, পরে নির্বাচন। কিন্তু পিটুনি তো আমরাও খেয়েছি, সন্তান তো আমরাও হারিয়েছি। হাসিনার বিচার আমরা না করলে কে করবে? বিচারকার্য সময়ের ব্যাপার। শেখ হাসিনার যেন শাস্তি হয়—আমরা সেই বিচার চাই, তবে তা দেশের প্রচলিত আইনে হবে। যারা বিচারপতি, তারা তাদের বিবেক ও আইনের আলোকে অপরাধ নির্ধারণ করবেন—এটাই তাদের দায়িত্ব। আমাদের ইশারায় কোনো বিচার হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উননবী ডন, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিজু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ