নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল ২৪-কে এ কথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হতে পারেন তারেক রহমান।
এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয় তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। পরের বছর জামিনে মুক্তি পেলেও তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এরপর পাড়ি জমান লন্ডনে এবং শুরু হয় তার নির্বাসিত জীবন। এরই মধ্যে কেটে গেছে ১৭টি বছর।
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর এক-এগারো এবং আওয়ামী লীগ আমলে দায়ের করা সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। এরপর থেকেই অনেকের মনে প্রশ্ন—নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে কবে ফিরবেন তারেক?
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। যদিও কোনো নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করে তারেক রহমানের উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
২০০৮ সালে স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তিনি। সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও, জনগণের সাথেই কাজ করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
আগামী নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারেক রহমান—এমন ইঙ্গিত দিয়ে হুমায়ুন কবির বলেন, জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়া পুত্র।


