বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের তারিখে তাদের কোনো আপত্তি নেই। “আমরা নির্বাচনে যাব, এটা জানিয়ে দিয়েছি। উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছি এবং প্রয়োজনে আন্দোলনে যাব,” যোগ করেন তিনি।
বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় উল্লেখ করে তাহের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জরুরি। “পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে নতুন নয়। এতে জনগণের ভোটাধিকারের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।”
তিনি জানান, সিইসি জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।
জামায়াতের এই নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। “অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের শঙ্কা রয়েছে—স্বচ্ছ হবে কি না। জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।”
এ সময় তিনি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার আহ্বান জানান এবং বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তাদের আন্তরিকতা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলোকেই আপাতত সংস্কারের মানদণ্ড ধরা যেতে পারে, তবে বাস্তবায়ন জরুরি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাহের বলেন, “সীমাবদ্ধতা রয়েছে। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জামায়াতের মতে, নির্বাচনের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি।”


