27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

সারাদিনের কর্মব্যস্ততা শেষে, আসিফের নাস্তার টেবিল ওয়েস্টিনে

advertisment
- Advertisement -spot_img

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের ঢাকার গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উঠে এসেছে। জানে আলম অপুর দেওয়া ওই বক্তব্যের ভিডিও বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এখনই বেশি মন্তব্য করা ঠিক হবে না। আমার নাম আসায় আমি অবাক হয়েছি। জানে আলম অপুকে চিনতাম ২০২২ সালে, যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। তখন সে-ও ছাত্র অধিকার পরিষদ করত এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিল সম্ভবত। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে আর কখনো দেখা হয়নি।”

তিনি আরও জানান, “একটি অভিযোগ আসার পর শুনলাম, স্ত্রী পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলা হয়েছে, অপুকে গুম করে জোরপূর্বক বক্তব্য নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে আগে এসব হতো, আমাদের এখানে আয়নাঘরও ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এসব অকার্যকর হয়ে যায়। আবারও কি সেই প্র্যাকটিসে ফিরে যাচ্ছি? বিষয়টি শঙ্কার।”

আসিফ মাহমুদ আলাপের এক পর্যায়ে নিজের ভোররাতের খাবারের অভ্যাসের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “কাজ শেষ করতে করতে কখনো কখনো ভোর হয়ে যায়। তখন বাসায় খাবার দেওয়ার কেউ থাকে না। বেশিরভাগ সময় আমি ৩০০ ফিটের নীলা মার্কেটে যাই, সেখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। ৪-৫ জন মিলে যাই। তবে ভোরে গেলে দোকান বন্ধ থাকে, তখন গুলশানের হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়।”

তবে জানে আলম অপুর বক্তব্যে যেদিনের কথা বলা হয়েছে—যে দিন নাকি তাদের দেখা হয়েছিল—সেদিন ওয়েস্টিনে গিয়েছিলেন কি না, তা মনে নেই বলে জানান তিনি।

সাংবাদিকরা যখন জানতে চান, সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী ব্যক্তি কি তিনি ছিলেন, তখন আসিফ মাহমুদ বলেন, “হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলা হয়, সেটা কতটা বিশ্বাসযোগ্য? আমি আর কিছু বলতে চাই না, যেহেতু বিষয়টি তদন্তাধীন।”

তিনি দাবি করেন, এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাকে একজন নেতার বাসায় জোরপূর্বক বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ