আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকারে থেকে কারোই নির্বাচন করা উচিত নয়। আমার (আসিফ) ও তথ্য উপদেষ্টা মাহফুজের নাম বেশি শোনা গেলেও, বর্তমান সরকারে আরও অনেকে আছেন যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বা ছিল। তারাও যদি ভোটে অংশ নেন, তফসিলের আগে পদত্যাগ করা উচিত।”
এনসিপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এনসিপিতে যোগ দেব—এমন ধরে নেওয়া সঠিক হবে না। বিষয়টি পরে বিবেচনা করব।”
প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “সরকার বারবার বলছে সর্বকালের সেরা নির্বাচন উপহার দিতে চায়। তাই সেটি অবশ্যই হতে হবে। আর যদি তা সম্ভব না হয়, তবে ঐতিহাসিক দায় সবার ওপরই বর্তাবে।”
কুমিল্লা থেকে প্রার্থী হবেন কি না—এ প্রশ্নে তিনি জানান, এ নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেননি।


