বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ রচনার পেছনে আর্থিক লেনদেন ও সুবিধা গ্রহণের অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ইতোমধ্যেই গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
২০১২ সালে প্রকাশিত এই বইটি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরোনো চারটি খাতা থেকে সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে। এতে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা চক্রান্ত ও অভিজ্ঞতা উঠে আসে। শেখ হাসিনা প্রায়ই এই বই থেকে উদ্ধৃতি দিতেন এবং দলীয় নেতাকর্মীদের বইটি থেকে শিক্ষা নিতে আহ্বান জানাতেন।
তবে সম্প্রতি এক গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশপ্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বাধীন শতাধিক সদস্যের একটি দল। অভিযোগ অনুযায়ী, এই কাজের বিনিময়ে সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাটও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।


