ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে রয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এজিএস পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।
এ সময় রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে লড়বেন। তার সম্মানার্থে এ পদে ছাত্রদল কোনো প্রার্থী দেয়নি।
তিনি আরও বলেন, বাকি সবগুলো পদেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে ছাত্রদল ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।


