শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেড ওয়েট টনের একটি জাহাজ তুরস্কের একটি কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি, বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটিকে এগিয়ে নিয়ে যাবে। গণ-অভ্যুত্থানের পর একটি সরকারের জনগণের প্রত্যাশার যে কাজগুলো করা দরকার, তার অনেকখানি আমরা পূরণ করতে পেরেছি।
প্রসঙ্গত, ওয়েস ওয়্যার নামের এই জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও গভীরতা ২৫ ফুট। এটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা চালিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহন করতে সক্ষম। স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য ও বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে জাহাজটি উপযোগী।
এসময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুজ্জামান এনডিসি, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।


