ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে কোনো ধরনের সংঘাতে না জড়াতে ছাত্র সংগঠনগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে বিএনপি ও জামায়াতের হাইকমান্ড। সরকারের পক্ষ থেকে সরাসরি যোগাযোগের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতেই ছাত্রদল ও ছাত্রশিবিরকে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অরাজকতা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ছাত্রদল কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলায় জড়াবে না। সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানানো হয়েছে।
একইভাবে জামায়াতে ইসলামীর এক নায়েবে আমিরও নিশ্চিত করেছেন, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, ছাত্রশিবির বা জামায়াতের বাইরের কেউ যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে সে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র মতে, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। এ সময় আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলেছিল ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং বাগছাস সমর্থিত প্যানেল।


