প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানান।
এসময় তিনি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সামগ্রিক চিত্র ও নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কীভাবে ভোটার নিবন্ধন করবেন এবং কীভাবে আসন্ন নির্বাচনে ভোট প্রদান করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রবাসীরা সিইসিকে কানাডা সফরে এসে সরাসরি মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের সভা আয়োজন করায় কনস্যুলেটকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। তারা সিইসির সঙ্গে বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি।


