বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীরা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে, হাসিনার বিচার দ্রুত ত্বরান্বিত হবে এবং বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আসবে। এসব কাজ কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই করতে সক্ষম।”
তিনি আরও বলেন, “‘হাসিনাতন্ত্রের’ পতন হয়েছে এক বছরেরও বেশি সময় আগে। কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ এখনো সম্পূর্ণ হয়নি। গত ১৫-১৬ বছরে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার ইচ্ছাধীনে তার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের মাধ্যমে। এসব নির্বাচন গণতন্ত্রের পক্ষে যায়নি, বরং গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছে।”
বিএনপির এই নেতা বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিতে হয় এবং সরকার গঠন করতে হয়। অথচ কিছু দল যারা সংসদে একটি আসনও পায়নি, তারাও এখন সরকারকে তাদের মতো করে কাজ করতে বলছে—এটা হাস্যকর এবং চাপিয়ে দেওয়ার মতো ঘটনা।”
শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়ে বলেন, “সেই নির্বাচন হলে ধানের শীষ ও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”


