বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া তৈরির উদ্দেশ্যে পাঁচটি রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে দেশব্যাপী জনমত গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখাই মূল লক্ষ্য।
বৈঠকে উপস্থিত ছিলেন—
- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন
- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ
- নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার
- বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী
- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।


