জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
তিনি আরও বলেন, নিউইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব ও মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে গত এক বছরে বাংলাদেশে সম্পন্ন সংস্কার এবং আগামীর নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরবেন।


