আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১ সংস্কারের অনুমোদন দিয়েছে। এতে অবহেলাকারীদের বিরুদ্ধে জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে দায়িত্বে যারা থাকবেন, তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রেস সচিব জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত একটি আইনি সংশোধনীও অনুমোদন দিয়েছে সরকার।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।


