বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন ছাত্র-জনতার খুনি শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে দেশের মানুষকে নানা বিপদে ফেলে তিনি দেশের ক্ষতি করেছেন, আর এখনো থামেননি। ভারতের মাটিতে বসে দলের নেতাকর্মীদের দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, “বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছিল আমাকে। এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে কখনো দমন করা যায় না। অবশেষে সত্যেরই জয় হয়েছে।”
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এ জামায়াত নেতা আরও বলেন, “জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল। একসময় তিনি পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমে সাধারণ মানুষ বিষয়টি জানত না। তবে পরে গণমাধ্যমে প্রকাশিত হয় শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এখন ভারত থেকেই তিনি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছেন।”
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির এস এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর কর্মপরিষদের সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হান্নান খান। এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


