কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, কাতারের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান উল্লেখযোগ্য।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দোহায় আমিরি দেওয়ানে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশন এবং গার্ড অব অনারের মধ্য দিয়ে রাষ্ট্রদূতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বৈঠকে ডেপুটি আমির রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
জবাবে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা কাতারের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও শক্তিশালী করার প্রস্তাব দেন এবং কাতারের জন্য বাংলাদেশে ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করেন।
রাষ্ট্রদূত কাতারের আঞ্চলিক ও বৈশ্বিক মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানান। অনুষ্ঠানে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের সচিবসহ বেলজিয়াম, কানাডা ও পোল্যান্ডসহ সাত দেশের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এর আগে লন্ডনে ডেপুটি হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


