আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় অংশ বিএনপি ও জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছে। তবে আওয়ামী লীগের সমর্থনও আগের তুলনায় বেড়েছে।
পরামর্শক সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে দেখা যায়, বর্তমানে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান। অপরদিকে ৩০ শতাংশের বেশি ভোটার জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন।
জরিপে আরও বলা হয়, আওয়ামী লীগের পক্ষে এখন ১৮ দশমিক ৮ শতাংশ ভোটার রয়েছেন। যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এছাড়া জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান ৪ দশমিক ১ শতাংশ ভোটার।
ভৌগোলিকভাবে বিশ্লেষণে দেখা গেছে, ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে আছে। কেবল রংপুরে এগিয়ে জামায়াত এবং বরিশালে এগিয়ে আওয়ামী লীগ।
ভোটারদের মনোভাব নিয়ে জরিপে উঠে আসে, এবার তারা প্রতীক নয় বরং প্রার্থী বিবেচনায় ভোট দিতে আগ্রহী। যদিও বিএনপি এগিয়ে আছে, তবে জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট ভোটারদের একটি বড় অংশ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ইনোভিশন কনসাল্টিং জানিয়েছে, সারা দেশের ১০ হাজার ৪১৩ জন ভোটারের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল তৈরি করা হয়েছে।


